শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সিরাজগঞ্জের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। নতুন জামাকাপড়, জুতা থেকে শুরু করে গৃহস্থালি পণ্য কিনতে সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। শহরের নিউমার্কেট, বড়বাজার, এসএস রোড, স্টেশন রোড, হকার্স মার্কেট, মুজিব সড়ক ও খলিফাপট্টিসহ বিভিন্ন এলাকায় জমে উঠেছে পূজার কেনাকাটা।
দোকানগুলোতে শার্ট, জিনসের প্যান্ট, টি-শার্ট, ফ্রক, বেবি সেট, থ্রিপিস, জুতা, স্যান্ডেল, প্রসাধনী ও গয়নাসহ নানা পণ্য বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের আনাগোনা বেড়েছে। দরদাম করে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনছেন ঘরমুখী মানুষ।
ফুটপাতের পোশাক বিক্রেতা শফিকুল ইসলাম জানান, শহরের চৌরাস্তা থেকে বাইরের গোলা রোড পর্যন্ত ফুটপাতে পোশাকের দোকান বসেছে। কম লাভে পণ্য বিক্রি করছেন তারা। অন্য দোকানে ক্রেতা চলে যাওয়ার আশঙ্কায় কম লাভে বিক্রি করতে হচ্ছে বলেও জানান তিনি।
ক্রেতা মলি সাহা ও প্রমীলা রাণী জানান, সীমিত বাজেটে পরিবারের সবার জন্য পূজার নতুন পোশাক কিনতে ফুটপাতের বাজারই তাদের ভরসা। দরদাম করে পছন্দের জিনিস কেনা যায় বলে এখানে আসেন তারা। তবে ফুটপাতের দোকানে আসল, নকল ও পুরোনো—বিভিন্ন ধরনের পণ্য থাকতে পারে। তাই দেখে-শুনে কেনাকাটা করার পরামর্শ দেন তারা। পোশাকের পাশাপাশি চিড়া-মুড়ি ও নারকেলের দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। সব মিলিয়ে সিরাজগঞ্জ শহরে শারদীয় দুর্গাপূজার কেনাকাটা জমে উঠেছে।




