জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা এলাকার একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বাসসকে জানান, পূর্ব উচনা এলাকার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। পরে বিজিবির দুটি টহল দল সেখানে গিয়ে পুকুরের পানির নিচে তল্লাশি চালায়। একপর্যায়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিগুলোর একটির ওজন ২৫ কেজি এবং অন্যটির ওজন ১৭ কেজি। বিজিবির প্রাথমিক ধারণা, ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তি দুটি পুকুরের তলদেশে গোপনে রাখা হয়েছিল।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।



