খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে সুন্দরবনের জলদস্যুদের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬। এ সময় এক পলাতক জলদস্যু নেতার বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। অভিযানে জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়কে আটক করা সম্ভব হয়নি। তিনি কয়রার মহরালী পাড় এলাকার বাসিন্দা।
এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর ও রহিমকে আটক করা হয়। পরে হাফিজুরের দেওয়া তথ্য অনুযায়ী ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই দস্যুতার কাজে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, হাফিজুর জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে রহিম তাদের খাদ্য ও প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলের তথ্য দস্যুদের কাছে সরবরাহ করতেন।
এসআরবি জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।