নতুন বাংলাদেশ গঠনে সব রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহী-জনতার ঐতিহাসিক প্রতিরোধের চেতনা ধারণ করতে হবে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে অতীতে দেশের বড় পরিবর্তন সূচিত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও নতুন বাংলাদেশ গঠনের যাত্রা শুরু হয়েছে। এ যাত্রায় রাজনৈতিক বিভেদ ভুলে সব পক্ষকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করলেও স্বাধীনতার পর বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে। সিপাহী ও সাধারণ জনতা সেই আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তাঁর মতে, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরই প্রকৃত বিপ্লব।
২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে রাশেদ খান বলেন, ১৯৬৯, ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। তবে ২০২৪ সালের আন্দোলন আগের সব আন্দোলনকে ছাড়িয়ে গেলেও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাটি ছিল প্রকৃত বিপ্লব। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ৭ নভেম্বরের ইতিহাস নিয়ে ভুল বয়ান প্রচার করা হয়েছে। এখন সময় এসেছে প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে রাশেদ খান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও জেলা পরিষদের প্রশাসক এম এ মসজিদ নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে দুপুরে জেলা বিএনপির উদ্যোগেও পৃথক আনন্দ র্যালি বের করা হয়।




