চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে খাঁনহাট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। বুধবারের মধ্যে ফুটপাত থেকে দোকানের মালামাল সরিয়ে না নিলে বৃহস্পতিবার প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে দ্বিতীয়বারের মতো মহাসড়কের ওই অংশ পরিদর্শনকালে এমপি এ আল্টিমেটাম দেন। তিনি বলেন, মহাসড়কের ওপর কোনো সিএনজি স্ট্যান্ড রাখা যাবে না। ফুটপাতেও দোকানের মালামাল রাখা যাবে না। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়ক সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। যানজট নিরসনে গাছবাড়িয়া কলেজ গেট ও খাঁনহাট পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েনের নির্দেশও দেন সংসদ সদস্য। তার ঘোষণার পর গাছবাড়িয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে ফুটপাত থেকে মালামাল সরানোর তোড়জোড় শুরু হয়েছে।