পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সব জনগোষ্ঠীর জন্য সমান শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে রাঙ্গামাটিতে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে তিন পার্বত্য জেলার শিক্ষা খাতের সংকট, বৈষম্য ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সের হলরুমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। শিক্ষক স্বল্পতা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের পরিকল্পনা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদ, শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংলাপে বক্তারা জানান, দুর্গম পাহাড়ি জনপদ, বিচ্ছিন্ন বসতি, যোগাযোগের সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবের কারণে তিন পার্বত্য জেলায় শিক্ষার মানোন্নয়ন এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু, কিশোরী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হচ্ছে। ফলে শিক্ষার সুযোগ ও মান নিশ্চিত করতে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা উঠে আসে।
আলোচনায় শিক্ষক নিয়োগ ও সুষ্ঠু ব্যবস্থাপনা, বিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণ, আবাসিক হোস্টেল নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং ডিজিটাল শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সুপারিশও করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ভৌগোলিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর শিক্ষা পরিকল্পনা তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়িয়ে শিক্ষার উন্নয়নে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইউএনডিপির জেন্ডার অ্যান্ড কমিউনিটি অ্যানালিস্ট ঝুমা দেওয়ানের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির পরামর্শক সৈয়দ মো. গোলাম ফারুক। এ সময় বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান এবং ইউএনডিপির লাইভলিহুড অ্যান্ড এনআরএম স্পেশালিস্ট বিপ্লব চাকমা।
সংলাপে তিন পার্বত্য জেলার শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজনে পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিতের বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।