শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত-বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিই একমাত্র আইনগত পথ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির।\
তিনি বলেছেন, চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো বৈধ আইনি পদ্ধতি নেই; এ নিয়ে ছড়ানো বিভিন্ন বক্তব্যের বড় অংশই গুজব ও আইন সম্পর্কে অস্পষ্ট ধারণার ফল।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে তা সংশোধন করা হয়। এই চুক্তি অনুযায়ী, এক দেশের কোনো ব্যক্তি অপর দেশে অপরাধ করে অবস্থান করলে সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা রয়েছে। অভিযুক্ত ব্যক্তি কারাগারে বন্দি আছেন কি না, সেটি প্রত্যর্পণের ক্ষেত্রে প্রধান শর্ত নয়।
তিনি ব্যাখ্যা করে বলেন, অনেকের ধারণা, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত আনতে হলে তাকে অবশ্যই কারাগারে থাকতে হবে। কিন্তু বিষয়টি এমন নয়। অপরাধে অভিযুক্ত বা সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকেও চুক্তির আওতায় প্রত্যর্পণ করা সম্ভব।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে শিশির মনির জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে এ পর্যন্ত তিনবার অনুরোধ পাঠানো হয়েছে। চুক্তি অনুযায়ী, ভারত সরকার বিষয়টি দেশটির সংশ্লিষ্ট প্রত্যর্পণবিষয়ক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। এরপর শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ওই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সেগুলো যথাযথ ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারবেন। সেই আদেশের ভিত্তিতে দুই দেশের সরকার হস্তান্তরের জন্য নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি পরিভাষায় নির্ধারিত ওই স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ বলা হয়। পরে উভয় দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন।
প্রত্যর্পণের এই প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা আলাদা কোনো বিমান ব্যবহারের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন শিশির মনির। তার ভাষ্য, দুই দেশের মধ্যে হস্তান্তরের দিন, তারিখ ও স্থান নির্ধারণ করাই এ ক্ষেত্রে প্রয়োজনীয়।
তিনি আরও বলেন, চুক্তিতে নির্ধারিত পদ্ধতির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার বড় অংশ গুজব এবং অনেক ক্ষেত্রে আইন সম্পর্কে যথাযথ ধারণা না থাকার কারণে বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




