সরকারের কাছে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জোটের নেতারা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নগরীর টাউন হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১১ দলীয় জোটের উত্থাপিত সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংস্কার কাউন্সিল গঠন ও অধিবেশন আহ্বান, জুলাই গণহত্যার দ্রুত ও দৃশ্যমান বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট নিরসনের দাবি জানান তারা।
এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। সমাবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে নেতারা দলটির প্রতি সতর্কবার্তা দেন। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে জনগণ এর জবাব দেবে।
সরকারের উদ্দেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটিয়ে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে হবে।
জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমির উপাধ্যক্ষ এটিএম আযম খানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, সাবেক সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল এবং সহকারী সেক্রেটারি আল আমিন হাসান।
এ ছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলীসহ ১১ দলীয় জোটের শরিক দল এনসিপি, খেলাফত মজলিস ও এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে রংপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।




