দেশের অর্থনীতিকে পাঁচ বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন করে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর অংশীদার হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশের অর্থনীতির আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে তা এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেটি অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য গতানুগতিক শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে মানসম্মত শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দিতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ কেবল শিক্ষার্থীদের সনদ দেওয়া নয়; বরং তাদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা। শিক্ষার্থীরা যেন দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সবাইকে চাকরির পেছনে ছুটতে উদ্বুদ্ধ না করে উদ্যোক্তা, উদ্ভাবক ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, গবেষণাকে শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশের শিল্প, কৃষি, মৎস্য, গৃহস্থালি ও প্রত্যন্ত অঞ্চলের বাস্তব সমস্যার সমাধানে গবেষণার ফলাফল কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনীয় গবেষণা প্রস্তাব জমা দেওয়া হলে ইউজিসি ও সরকার অর্থায়নের ব্যবস্থা করবে। অর্থের অভাবে কোনো গুরুত্বপূর্ণ গবেষণা যাতে থেমে না যায়, সে বিষয়ে সহযোগিতা দেওয়া হবে।
খুলনা অঞ্চলের অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন, কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি মোংলা বন্দর এবং বন্দর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায়ও বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় সমাজ, শিল্পপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও শক্তিশালী করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ইউনিটের অনুমোদন
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চলসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে একটি স্কুল এবং সমুদ্রবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন বিষয়ে নতুন বিভাগ প্রতিষ্ঠার প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে। এসব একাডেমিক ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহায়তা যথাসময়ে দেওয়ার আশ্বাস দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও গবেষণার পরিবেশ মূলত তাদের বিকাশের জন্যই তৈরি করা হচ্ছে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার জন্য ইউজিসি বিশেষ বরাদ্দ দেবে বলেও জানান তিনি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী।
এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খুরশিদ আলম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন বক্তব্য দেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থী এবং বিভিন্ন সক্রিয় ক্লাব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।