কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশীপ হাসপাতালে দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথম দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়। এর দুই দিন পর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় বাকি তিন শিশুর।
ওই রোহিঙ্গা নারী উখিয়ার ক্যাম্প সি-৬ এর এ-১  ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী জেসমিন বিবি(২৬)। উখিয়ার পানবাজার বালুখালিতে অবস্থিত এনজিও সংস্থা ফ্রেন্ডশীপ হাসপাতালে এ ঘটনা ঘটে।
বুধবার (২৫ নভেম্বর)ফ্রেন্ডশীপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস. এম. গোলাম সারওয়ার বলেন, রোহিঙ্গা নারী জেসমিন বিবি(২৬) তৃতীয়বারের মতো গর্ভবতী ছিলেন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে চারটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। গত ১৩ নভেম্বর রাতে তিনি ফ্রেন্ডশীপ হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে প্রথম শিশুটি স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয়। পরবর্তী সময়ে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী না হওয়ায় এবং প্রসবজনিত জটিলতার আশঙ্কায় ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও তিনটি শিশুর জন্ম হয়। চার শিশুর মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসবের ঘটনা ছিল। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় প্রসব সম্পন্ন করা হয়েছে।