বরিশালে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যার চেষ্টার ঘটনায় দীর্ঘদিন পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮) নামের ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ২৪ আগস্টের এ ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় মামলা করেছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, জমিজমা নিয়ে বাদীর সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন বাদীর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, আগে থেকেই পরিকল্পনা করে দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের সাহায্যে বিষ মেশানো হয়েছিল। পরে শিশু দুটিকে সেই লাচ্ছি পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে তারা পানীয়টি পান করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয় দুই শিশুকে।
সিআইডি জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার বাবু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।