চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান চলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরকল ইউনিয়নের সুজন সর্দার, গাছবাড়িয়া খানহাটের ব্যবসায়ী কাজী মোহাম্মদ কুদুব উদ্দিন এবং দোহাজারীর মুহাম্মদ ইউনুস। তাঁদের মধ্যে সুজন সর্দার মাদক মামলায়, কাজী মোহাম্মদ কুদুব উদ্দিন চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত। আর মুহাম্মদ ইউনুস বিদ্যুৎ আইনের মামলায় পরোয়ানাভুক্ত।
চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




