বান্দরবান জেলা সদরের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকার আম্রকানন গৌতম বিহারে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোরে বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্যোগে এবং বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়।
বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় ভোর ৫টায় সূত্র পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী আয়োজনে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধমূর্তি দান, বুদ্ধপূজা, অষ্ট পরিষ্কার দান, মহাসংঘদান, চীবর উৎসর্গ এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও ধর্মীয় গুরুদের উপস্থিতিতে চীবর উৎসর্গ, শীল প্রদান এবং ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। এতে ধর্মীয় বক্তব্য দেন লোহাগাড়া লক্ষণখীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উপ-সংঘরাজ ধর্মদর্শী মহাস্থবিরসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শ্রী কে এস মং। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্য। এ প্রথায় ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে সেই সুতা দিয়ে চীবর প্রস্তুত করা হয়। পরে তা ভিক্ষুসংঘকে উৎসর্গ করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দানের মাধ্যমে পুণ্য অর্জনের পাশাপাশি ধর্মীয় ঐতিহ্য ধরে রাখেন।
কঠিন চীবর দান উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী ধর্মীয় কর্মসূচি চলছে। এসব আয়োজনে চীবর তৈরি ও ভিক্ষুসংঘের কাছে তা দানের কার্যক্রম পালন করছেন ধর্মপ্রাণ বৌদ্ধরা।