ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের ৮৩টি টিকিটসহ মো. রিপন মিয়া ওরফে কালো মিয়াকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোড়াইল এলাকার বাসিন্দা। তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের মোট ৮৩টি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার করা টিকিটের মধ্যে কয়েকটির একাধিক কপি রয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। পরে টিকিটগুলো জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম বলেন, টিকিট কালোবাজারি বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা প্রয়োজন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, তাদের পরিচালিত অভিযানের মধ্যে এটি অন্যতম বড় টিকিট উদ্ধারের ঘটনা। তার দাবি, উদ্ধার করা টিকিটের মধ্যে আসল ও কথিত নকল টিকিট রয়েছে। গত ছয় মাসে টিকিট কালোবাজারির অভিযোগে ২০ জনকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।