ঝিনাইদহের মহেশপুর শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপাতলা গ্রামের একটি কালাবাগান থেকে তাঁদের আটক করা হয়।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ শ্রীনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬১/৯-আর থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রুহান মিয়ার কালাবাগানে অভিযান চালিয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের ইবারুল হোসেনের ছেলে ইয়াকুব হোসেন (৩৮) ও ইমামুল হোসেন (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিদি বাসুরিয়া গ্রামের মৃত হরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে হরপ্রসাদ মণ্ডল (৫৫), একই উপজেলার তাড়াইল গ্রামের মৃত তারক মণ্ডলের ছেলে অসীম মণ্ডল (৪২), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সকারিকাটি গ্রামের রণজিৎ মণ্ডলের ছেলে শিব কুমার মণ্ডল (৩২) এবং যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের আসাদুজ্জামানের ছেলে ওলি আর রহমান (৩২)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ছয় বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।