বাগেরহাটে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জলবায়ু, বন ও পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বৈধ চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা জরুরি। অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে কেউ যেন প্রতারিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে অবহেলা বা গাফিলতি গ্রহণযোগ্য নয়।
সভায় ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা এবং হাসপাতালের প্রস্তুতি জোরদার করতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
সভায় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




