লালমনিরহাটের কালীগঞ্জে বালুবোঝাই ড্রামট্রাকের নিচে চাপা পড়ে বিপ্লব মিয়া (২২) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব উপজেলার কাকিনা ওবদাবাজারের রুদ্রেশ্বর এলাকার রব্বানী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে কয়েকজন যুবক অটোরিকশায় করে কাকিনা বাজারে ফিরছিলেন। দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুভর্তি একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার অপর তিন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




