মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইছাখালী গ্রামের আব্দুল মান্নান নামের ৬০ বছর বয়সী এক ব্যক্তি সীমান্তের ১২৪/৩ নম্বর পিলারের কাছে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার আওতাধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাঁকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ।

মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও স্থানীয় লোকজন সীমান্ত এলাকায় যান। পরে সেখানে কৃষিকাজ করার সময় শচীন দাস ও নরোত্তম বিশ্বাস নামে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটক দুই ভারতীয়কে পরে ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়।৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের কথা রয়েছে। বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনার পাশাপাশি আটক দুই ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।সীমান্ত এলাকার কৃষক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং কোনো অবস্থাতেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে বিজিবি।