চোখের চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের রোগী বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা দেয় মরিয়ম চক্ষু হাসপাতাল।
দিনব্যাপী এ উদ্যোগে নিবন্ধন করে প্রায় ২৫০ জন রোগী চোখ পরীক্ষা করান। তাদের বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর মধ্যে পরীক্ষার ভিত্তিতে ৫০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মুরাদ বিন হাফিজ (সৈকত) রোগীদের পরীক্ষা করেন এবং অপারেশনের জন্য উপযুক্তদের নির্বাচন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা। এ সময় বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নেতারা এবং মরিয়ম চক্ষু হাসপাতালের প্রতিনিধি।
আয়োজকেরা জানান, বাছাই করা রোগীদের মঙ্গলবার থেকে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসাসেবা দেওয়া হবে।
কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ট্রেজারার ও নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মো. আনিছুর রহমান, ক্লাব সভাপতি লায়ন মো. রেজাউল হক, সাংবাদিক লায়ন আমিনুল হক, কহিনুর বেগম, লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েলসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।