আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিট এসব কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় শহরের স্বাধীনতা উদ্যান থেকে র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে এসি লাহা মিলনায়তনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শেখ মোস্তাহিদুল আলম রবি, কার্যনির্বাহী সদস্য রেহেনা পারভীন লাকিসহ ইউনিটের সদস্য, কর্মকর্তা, সাংবাদিক ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত র‍্যালি ও মহড়ায় অংশ নেন ইউনিটের যুব সদস্যরা।
কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলেন, আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।