সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরোনো কোচ মেরামতের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার কারখানা পরিদর্শনের সময় একটি কোচের জানালার ফ্রেম ও কাচের মান দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ জানান।
সকাল পৌনে ১১টার দিকে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ কারখানায় পৌঁছান। পরে তারা কোচ মেরামত শপ পরিদর্শন করেন। সেখানে একটি পুরোনো কোচের মেরামতকাজ চলছিল। জানালার ফিনিশিং ও কাচের মান দেখে মন্ত্রী প্রশ্ন তোলেন, এ ধরনের কাজ এখনো কীভাবে করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাধারণ ওয়ার্কশপেও এর চেয়ে ভালো মানের জানালা তৈরি করা হয়। মেরামতকাজে ফিনিশিং নেই এবং জানালার ফ্রেম ও কাচের মানও সন্তোষজনক নয়। এভাবে কাজ চলতে থাকলে মেরামতের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে। এ সময় তিনি নিম্নমানের কাজ বন্ধ রাখতে বলেন।
পরিদর্শনকালে সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




