দেশীয় মাছের প্রজনন ও জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মোড়াই বিল থেকে প্রায় ১০০ মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে বিলে অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির দেশীয় পোনামাছ।
শনিবার দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি এলাকার মোড়াই বিলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী।
উপজেলা প্রশাসন জানায়, বিলে পেতে রাখা নিষিদ্ধ জালগুলো জব্দ করে সবার সামনে ধ্বংস করা হয়। তবে জালের মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি। অভিযান শেষে মৎস্য অধিদপ্তরের ‘বিল নার্সারি’ কার্যক্রমের আওতায় মোড়াই বিলে দেশীয় প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালে ছোট মাছ ও পোনা ধরা পড়ায় মাছের বংশবিস্তার ব্যাহত হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় জলজ প্রাণীর বৈচিত্র্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, দেশীয় মাছ ও জলজ প্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও চলবে। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।