নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাহাদাত হোসেনকে সার ডিলার নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তারা নতুন করে ডিলার নিয়োগের দাবি জানান।
রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় লাহুড়িয়া বাজার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান ও লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী মিয়াসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গুরুত্বপূর্ণ সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। অবিলম্বে ওই নিয়োগ বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে নতুন ডিলার নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। তারা আরও বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও সময়মতো সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কৃষি অফিসের কোনো ভূমিকা নেই।