সিলেট সদর উপজেলার অবকাঠামো ও নাগরিক সুবিধা বাড়াতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পরিকল্পনা ও স্থায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আজ নগরীর একটি রেস্তোরাঁয় সদর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, উপজেলার সাতটি ইউনিয়নের সড়ক যোগাযোগ উন্নত করা, ছোট কালভার্ট নির্মাণ এবং চলাচলের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে প্রকল্প নেওয়া হবে। নিরাপদ পানির সংকট মোকাবিলায় নদীর পানি পরিশোধন করে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
যোগাযোগব্যবস্থার উন্নয়নে সুরমা নদীর ধনপুর এলাকায় সেতু নির্মাণ এবং কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু তৈরির প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন।
কৃষি খাতের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোনো কৃষিজমি যেন অব্যবহৃত না থাকে, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। জমির ধরন ও উৎপাদনক্ষমতা বিবেচনায় মানচিত্রভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ফসল উৎপাদন বাড়ানো হবে। এ ছাড়া পয়োনিষ্কাশন ও স্যানিটেশন সমস্যার সমাধানেও প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।
সদর উপজেলার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা তৈরির লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আবদুস শহীদ চেয়ারম্যান এবং সংগঠনটির সাবেক সভাপতি শাহ জামাল নুরুল হুদা। এ ছাড়া উপজেলার সাত ইউনিয়নের বিএনপি নেতাকর্মীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।