বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামে দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রাতে সংঘর্ষ বাধে এবং এতে দুইজন আহত হন। সংঘর্ষের পর শহরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে একটি গ্রুপের সদস্যদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।