শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হোসেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আয়োজিত ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউএনও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের যুগের উপযোগী মানসম্মত শিক্ষা দিতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগ জরুরি। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সহকারী শিক্ষক নূপুর চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা, সহকারী শিক্ষক স্বরূপ চৌধুরী ও মো. রিয়াদ হোসেন। সভায় অভিভাবকেরা সন্তানদের পড়াশোনার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীরাও তাদের মতামত ও সমস্যার কথা জানায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।