ঢাকার আশুলিয়ায় মহাসড়কের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা ডিবি-উত্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে মহাসড়কে স্থাপিত চেকপোস্টে অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা থেকে বাইপাইলগামী একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি-উত্তরের উপপরিদর্শক শেখ মফিজুর রহমান। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বনগজ গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, জব্দ করা পুরোনো নীল রঙের ফোটন পিকআপভ্যানটির আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি ও চুরির একটি মামলাসহ মোট চারটি মামলা বিচারাধীন বা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি-উত্তরের ওসি মো. সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




