ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার সমান—এমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে হেয় করার সুযোগ নেই। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, এটাই হওয়া উচিত।
শনিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীর বাজারের কুমারপুকুর পাড় দুর্গামণ্ডপ পরিদর্শন করেন মন্ত্রী। পরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাস করে না। দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। ধর্মীয় পরিচয় আলাদা হলেও দেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতা বাড়াতে হবে। কোনো গোষ্ঠী যেন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বৈষম্য বা হীনম্মন্যতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মন্ত্রী বলেন, পূজামণ্ডপে দৃশ্যমান নিরাপত্তার পাশাপাশি সাদাপোশাকেও সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। সরকার এমন স্বাভাবিক নিরাপত্তার পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়, যাতে ধর্মীয় উৎসব পালনে কেউ আতঙ্ক বা অনিরাপত্তায় না ভোগেন।
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হাজী আনোয়ারুল হকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।