বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ অধ্যক্ষ এম. জায়েদ হোসাইন ফারুকী আর নেই। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় চরলরেঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতারা।
শোকবার্তায় তারা বলেন, অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামী ব্যক্তিত্ব। দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি কোরআন-হাদিসের শিক্ষা প্রচার এবং বিভিন্ন ধর্মীয় সমাবেশে বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে কাজ করেছেন।
তার সরল জীবনযাপন, ধর্মীয় জ্ঞানচর্চা ও সমাজের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।




