নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপূর্ব নামের ওই ব্যক্তিকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে পৌরশহরের পুরাতন সিনেমা হল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তিনি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটার তাজুলের সহযোগী হিসেবে কাজ করতেন এবং তার অস্ত্র নিজের কাছে রাখতেন।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, অপূর্ব দিনের বেশির ভাগ সময় আত্মগোপনে থাকতেন। রাতে বাইরে বের হওয়ার তথ্য পেয়ে গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিক আলিফকে হত্যার আগের একটি প্রচেষ্টার মামলাতেও তার নাম ছিল বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় আলিফকে গুলি করে হত্যা করা হয়। দোকানে ফেলে আসা মুঠোফোন আনতে গিয়ে তিনি হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোড়ে বলে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
৪০ বছর বয়সী আলিফ ফকির ছিলেন সেনাবাহিনীর সাবেক সদস্য। তিনি রূপসী বাংলা আইপি টিভির নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে মাদক কারবার, চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করতেন তিনি।
হত্যাকাণ্ডের পর শুক্রবার রাতে আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। এতে অজ্ঞাত আটজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।