কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার মমিনুল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মমিনুল দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন তিনি। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে। সম্প্রতি ডিবি পরিচয়ে এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও মানুষকে ভয়ভীতি দেখানোর ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।




