সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে সরকার ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গুদাম থেকে ৭৫ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে অবস্থিত সরকার ট্রেডার্সের গুদামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় প্রসিকিউশন দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।
অভিযানে গুদামে মজুত করা সারের মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুত রাখার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল হাইয়ের উপস্থিতিতে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
স্থানীয় বাসিন্দা রেজাউল জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো মজুত রাখা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সার পাওয়া গেছে। এ ঘটনায় জরিমানা করার পাশাপাশি কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।