লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় এ চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বুড়িমারী-বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ দুই শিশু, দুই নারী ও আট পুরুষসহ মোট ১২ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন বিজিবি সদস্যরা। তাদের বাধার মুখে বিএসএফের এ চেষ্টা সফল হয়নি।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের অননুমোদিতভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে বিজিবি। বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহিনুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।