দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সঠিক পরিকল্পনা না করা হলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগের সরকার বিপুল ঋণ রেখে গেছে এবং দেশের বর্তমান পরিস্থিতি অনেকটা ধ্বংসস্তূপের মতো। সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সরকার এমন একটি বাজেট দিয়েছে যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রাম ট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন।ট্রাকে ওঠার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, বহু বছর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে এ ধরনের গাড়ি দেখে তিনি উৎসাহিত হতেন। মানুষ কী বলবে তা নিয়ে তিনি চিন্তিত নন বলেও মন্তব্য করেন।পৌরসভার নতুন গাড়িগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এগুলো জনগণের সম্পদ এবং এর দায়িত্ব সবার।পরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী।