মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যান। সেখানে দালাল সন্দেহে এক ব্যক্তিকে এমপির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী চড়-থাপ্পড় দিয়েছেন—এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে এসে প্রতিবাদ করেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। ঘটনার সময় সংসদ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঘটনা নিয়ে দুই দলের নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। জামায়াতের জেলা সেক্রেটারি ইকবাল হোসেনের দাবি, দালাল হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তি গালাগালি করার পর একটি দলের নেতাকর্মীরা জামায়াতের লোকজনের ওপর চড়াও হন। অন্যদিকে বিএনপির নেতা সাহিদুল ইসলাম অভিযোগ করেন, এমপির উপস্থিতিতে জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালের এক স্টাফের গায়ে হাত তোলেন।ঘটনার পর কিছু সময় হাসপাতাল এলাকায় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।