সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগে রয়েছেন নোয়াখালীর প্রবাসী ও তাদের দেশে থাকা স্বজনরা। জেলার বিভিন্ন উপজেলার সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের খোঁজখবর নিতে টেলিফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছেন পরিবারের সদস্যরা।
নোয়াখালী সদর, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জসহ বিভিন্ন উপজেলার বহু মানুষ সৌদি আরবে কর্মরত। হামলার খবর জানার পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে স্বজনদের মধ্যে।
রিয়াদে কর্মরত নোয়াখালীর কয়েকজন প্রবাসীর বরাতে জানা গেছে, হামলার সময় বিকট শব্দের পর কিছুক্ষণের জন্য আতঙ্ক ও থমথমে পরিস্থিতি তৈরি হয়। তাদের দাবি, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে। তবে ঘটনার আকস্মিকতায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা রাহাত বলেন, খবরটি শোনার পরপরই রিয়াদে থাকা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভাই নিরাপদে থাকার কথা জানালেও তার দুশ্চিন্তা কাটছে না। প্রবাসী ও তাদের স্বজনরা রিয়াদসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।




