ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাইয়ের প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে হেমায়েতপুর, পদ্মার মোড় ও উলাইলে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন।
সকাল ৯টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় ও হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হন। পরে কয়েকটি দলে ভাগ হয়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে সড়ক অবরোধ শুরু হলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পদ্মার মোড় ও উলাইলে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন। পরে হেমায়েতপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতির কারণে শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে আন্দোলনের খবর সংগ্রহের সময় তিন গণমাধ্যমকর্মী হামলার শিকার হন। তাঁরা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন।
আহত সাংবাদিকদের ভাষ্য, শ্রমিকদের বক্তব্য নেওয়ার পর তাঁরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এ সময় মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি তাঁদের পরিচয় জেনে লাঠি ও ইট দিয়ে মারধর করেন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাঁরা ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমানে সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে সংসারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা ব্যক্তিদের পুনর্বহালের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর বলেন, শ্রমিকেরা তিন দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়ায় প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।