সিরাজগঞ্জ সদরে চিকিৎসা সনদ ছাড়াই রোগীকে ব্যবস্থাপত্র দেওয়ায় এম এ ওয়াদুদ নামে এক পল্লী চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভেড়ামারা বাজারের 'রহমান মেডিকেল হল' ঔষধের দোকানে অভিযান চালিয়ে করে এই জরিমানা আদায় করা হয়। তিনি ওই দোকানের স্বত্বাধিকারী। অভিযুক্ত এম এ ওয়াদুদ একই উপজেলার বাহুকা গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এম এ ওয়াদুদ কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই ব্যবস্থাপত্র লেখেন। এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওই ওষুধের দোকানে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যহানি ও নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে তিনি আর কখনও ব্যবস্থাপত্র লিখবেন না বলে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার জোবায়দা সুলতানা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।