জেলা শহরের ওয়েসিস বিয়াম ল্যাবরেটরী স্কুলে (ইংলিশ ভার্সন) শিক্ষার্থীদের মেধা, মনন ও সহশিক্ষামূলক কার্যক্রমের বিকাশ সাধনের লক্ষ্যে ৫টি ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্লাবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক এবং ওয়েসিস বিয়াম ল্যাবরেটরী স্কুলের চেয়ারম্যান খন্দকার মুশফিকুর রহমান।  ক্লাবগুলো হলো- সাইন্স (বিজ্ঞান) ক্লাব, ল্যাঙ্গুয়েজ (ভাষা) ক্লাব, ডিবেট (বিতর্ক) ক্লাব, স্পোর্টস (ক্রীড়া) ক্লাব এবং কালচারাল (সংস্কৃতিক) ক্লাব।
বিদ্যালয়ের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি,রাজস্ব ) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। 
পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের ক্লাবগুলোর কার্যক্রম ও উপস্থাপনা দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বাসসকে বলেন, এ ক্লাব উদ্বোধনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের সৃজনশীল মানসিকতা বিকশিত করা এবং এক্সট্রা-কারিকুলার বা সহশিক্ষামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ করা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীরা যাতে একটি স্মার্ট সিটিজেন বা স্মার্ট স্টুডেন্ট হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, এটি তারই প্রচেষ্টা। 
তিনি জানান, ইতিপূর্বে প্রায় ৪০টির অধিক হাইস্কুলে এ কার্যক্রমের সূচনা করা হয়েছে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ মডেল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি,রাজস্ব) ও বিদ্যালয়ের অধ্যক্ষ মুন মুন জাহান লিজা জানান, ওয়েসিস বিয়াম ল্যাবরেটরী স্কুলটি জেলা প্রশাসন পরিচালিত এবং বিয়াম ফাউন্ডেশন ঢাকা কর্তৃক সরাসরি মনিটরিং করা হয়। তাদের নিজস্ব স্কুল দিয়েই এ প্রাথমিক লেভেলের যাত্রা শুরু হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাবের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করছে। পরবর্তীতে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এবং পর্যায়ক্রমে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।