সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে গেছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এ ঘটনায় চালকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে উপজেলার কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ডিভাইডারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালকসহ মোট ১২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাতজন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পুলিশের পাশাপাশি রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে গুরুতর আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে।




