রাঙ্গামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছেন।রোববার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কল্যাণপুর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি আর্মি ক্যাম্প এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫) মারা যান। গুরুতর আহত শোভা চাকমা (৫২)কে প্রথমে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।আহত পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় অংশ নেন।রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক একজনকে চট্টগ্রামে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান হাসপাতালে গিয়ে আহত ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সহায়তার আশ্বাস দেন।