কুমিল্লায় ডিবি পুলিশের এক ঝটিকা অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ডিবির এসআই পবিত্র সরকার। এর আগে সোমবার গভীর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ থানার লালমাই বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লালমাই বাজারে অবস্থান নেয়। এ সময় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া অবস্থায় একটি পিকআপ থেকে দুই ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক হয়ে পরানপুর বাজারে ডাকাতির উদ্দেশে যাচ্ছিল। 

আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি পরিচালনা করে আসছিল। গ্রেফতার আসামিরা হলেন— চাঁদপুর সদর থানার জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক (৫৩), রবিউল আলম (৩৫), হাজীগঞ্জের মো. মামুন মিজি (৪৫), ফরিদগঞ্জের মো. কবির ভূঁইয়া (৪০) ও মো. নজরুল ইসলাম (৩৫)। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে বেল্ট কাটার, সেলাই রেঞ্চ, লোহার রড, দুটি কিরিচ, একটি হাসুয়া, একটি পিকআপ এবং একটি ডিসকভার মোটরসাইকেল।