দুর্যোগের ঝুঁকি কমাতে এবং জীবন রক্ষায় ঘরে ঘরে প্রস্তুতি ও সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন দেবীদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা গেলে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও জীবনরক্ষাকারী মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী, স্কাউটস, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান। বিশেষ অতিথি ছিলেন দেওয়ান মো. জাহাঙ্গীর ও জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অর্জিন চাকমা।
আলোচনা শেষে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় জীবনরক্ষাকারী মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাসাবাড়িতে আগুন লাগলে কিংবা ভূমিকম্পের সময় কীভাবে তাৎক্ষণিক আত্মরক্ষা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়। পাশাপাশি আইওটি ও মোবাইল অ্যাপের মাধ্যমে আগাম সতর্কবার্তা গ্রহণের বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, দুর্যোগের সময় প্রথমে পরিবারের সদস্য ও প্রতিবেশীরাই এগিয়ে আসেন। তাই বাড়িঘরকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখার পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক এলাকায় সচেতনতা বাড়াতে হবে।




