কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। হাসপাতালের বিদ্যমান সংকট নিরসন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
শনিবার হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সরকারি হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন তিনি।
নবীন চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চিকিৎসা শুধু ওষুধ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনা, সঠিক পরামর্শ দেওয়া এবং মানবিক আচরণের মাধ্যমে রোগীর বিশ্বাস অর্জন করাও চিকিৎসকের দায়িত্ব। মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, দূষণ ও খাদ্যের মান মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে হবে। চিকিৎসকদের রোগীদের স্বাস্থ্যকর জীবনযাপন ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাছুম হাছান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। কলেজের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।