জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাউদকান্দি মডেল মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাইমিনুলকে কেউ আটকে রাখেনি। তিনি নিজেই মসজিদের পাশের একটি বাড়িতে অবস্থান করছিলেন। উদ্ধারের পর তাকে শারীরিকভাবে সুস্থ দেখা গেছে।
পুলিশ জানায়, অন্য একজনের মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে মোহাইমিনুল তার বিভাগের সিনিয়র শিক্ষার্থী শফিউজ্জামান শাহীনকে মেসেঞ্জারে বার্তা পাঠান। সেখানে তিনি দাউদকান্দি মডেল মসজিদের আশপাশে থাকার কথা জানিয়ে উদ্ধারের অনুরোধ করেন। বার্তাটি পাওয়ার পর সাভার থানা পুলিশ দাউদকান্দি মডেল থানাকে বিষয়টি জানায়। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। রাত ১০টার দিকে সাভার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মোহাইমিনুলকে খুঁজে পেতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগসহ প্রশাসনের নেওয়া উদ্যোগের কথা জানান।
গত রোববার বিকেল ৩টা ৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন মোহাইমিনুল। পরে তার আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে বিভাগের অবহেলার বিষয় উল্লেখ থাকায় তা তদন্তে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।