চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম শুরু হবে।শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকেও ফল সংগ্রহ করা যাবে।মোবাইলে এসএমএসে ফল জানতে প্রথমে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ধরন হবে: SSC DHA ROLL YEAR। দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে SSC MAD ROLL YEAR এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্য হবে SSC TEC ROLL YEAR। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে।ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের সুযোগও থাকবে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।