গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধে প্রায় ১৬ ঘণ্টা আটকে ছিল জানাজা ও দাফন। পরে বোন হালিমা বেগমকে জমি-জমার অংশ বাবদ দেড় লাখ টাকার ব্যাংক চেক দেওয়ার সিদ্ধান্ত হলে বিরোধের অবসান ঘটে। এরপর জানাজা শেষে বাবার মরদেহ দাফন করা হয়। সোমবার (১২ অক্টোবর) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ বকশিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাজির উদ্দিন বেপারী (৭৫) পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সম্পত্তিতে ন্যায্য অংশ না পাওয়ার অভিযোগ তুলে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে হালিমা বেগম। তার অভিযোগ, বাবার অসুস্থতার সুযোগে ভাই ইদ্রিস আলী সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন।
পরে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিষয়টি নিয়ে বৈঠক হয়। সেখানে বোনকে দেড় লাখ টাকা দেওয়ার বিষয়ে সম্মত হন ইদ্রিস আলী। ব্যাংক চেক পাওয়ার পর দাফনে সম্মতি দেন হালিমা। পরে বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান ও পুলিশ জানিয়েছে, আলোচনার মাধ্যমে পারিবারিক বিরোধের সমাধান হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পত্তির বিরোধ মিটিয়ে দেড় লাখ টাকার চেক দেওয়ার পর নাজির উদ্দিনের দাফন সম্পন্ন হয়।
বাবার দাফন আটকে দেয়া মেয়ে হালিমা বেগম