আগামী অর্থবছরের লক্ষ্য অর্জন ও মাঠপর্যায়ের কার্যক্রমে গতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে খুলনায় বার্ষিক সমন্বয় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগরীর সিএসএস সাভার সেন্টারে খুলনা বিভাগের সহকারী ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
আশার ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ-আল-হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের টিমডি বিভাগের ইভিপি মো. ফজলুল হক। অনুষ্ঠানে খুলনা সদরের অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রনি হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ২০২৫–২০২৬ অর্থবছরের কাজের অগ্রগতি ও ঋণ কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়। গত নয় মাসে মাঠপর্যায়ে দেখা দেওয়া প্রতিবন্ধকতা, ঋণ কার্যক্রম পরিচালনার সীমাবদ্ধতা এবং সেগুলো সমাধানে করণীয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
তারা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তবসম্মত কৌশল ও কার্যকর উদ্যোগের প্রস্তাব দেন। একই সঙ্গে ২০২৬–২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, লক্ষ্য পূরণ এবং মাঠপর্যায়ে কাজের দক্ষতা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।
ক্যাপশন: বার্ষিক সমন্বয় সভায় ঋণ কার্যক্রমের অগ্রগতি ও আগামী অর্থবছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আশার কর্মকর্তারা।