নাটোরের সিংড়ায় একসঙ্গে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে যমজ বোন ফাওজিয়া জাহান ঊষা ও ফাবিহা জাহান ঊর্মি। তারা ২০২৫ সালে সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ করে এ কৃতিত্ব অর্জন করেছে।

তাদের বাড়ি সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লায়। বর্তমানে তারা সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত। একসঙ্গে যমজ বোনের এমন কৃতিত্বে পরিবারের পাশাপাশি শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

যমজ বোনের মা ঝরনা খাতুন বলেন, ছোটবেলা থেকেই তাদের এক সঙ্গে বেড়ে উঠা, পড়াশোনার প্রতি মনোযোগ, সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার কারণে বরাবরই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। দুই মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কাজে লাগবে এটাই প্রত্যাশা করেন তিনি। তাদের ফলাফলে পরিবারের লোকজন খুবই আনন্দিত। যমজ মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
aঊষা ও ঊর্মি জানায়, বাবা-মা ও শিক্ষকদের আন্তরিকতায় এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। যমজ বোনের মধ্যে ঊষা জজ আর ঊর্মি ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার অভিমত ব্যক্ত করেছে।সিংড়া দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা আখতার জাহান বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতাই এ অর্জন সম্ভব হয়েছে। এছাড়াও অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করা হয়ে থাকে।