বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার ওই বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তাদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় থাকতেন বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় এবং মৃত্যুর ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই ও এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পেছনের পরিস্থিতি এবং অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।